
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বিকাল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। গোলরক্ষক হিসেবে রয়েছেন শ্রাবণ। রক্ষণভাগে সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ ও শাকিল আহাদ তপু।
মিডফিল্ডে খেলবেন হামজা চৌধুরী, শমিত সোম ও অধিনায়ক সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে রয়েছেন ফারহান আলী ওয়াহিদ, রাকিব ও ফাহমিদুল।
এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হচ্ছে ফারহান আলী ওয়াহিদের। তবে প্রথম একাদশে জায়গা পাননি জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে মালয়েশিয়া। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮১তম এবং মালয়েশিয়া ১৩৬তম অবস্থানে রয়েছে। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশ জিতেছে একটিতে, মালয়েশিয়া সাতটিতে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ ২০২২ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে কুয়ালালামপুরে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
নতুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য আগের পরিসংখ্যান বদলে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।